শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

চারঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা, খামারিদের প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ওপর জোর

রাজশাহীর চারঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালি চারঘাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়।

পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপালন, রোগ প্রতিরোধ এবং বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি খামারিদের সরকারি প্রশিক্ষণ ও বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানো এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান।

শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মালেক। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, ভেটেরিনারি সার্জন সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, রাজনৈতিক দলের স্থানীয় নেতারা, খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সরকারি সেবা সম্প্রসারণ, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন ও রপ্তানিমুখী খাত হিসেবে প্রাণিসম্পদ শিল্পকে আরও বিকশিত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।