কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আগুনে পুড়ে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেল ৩টায় দলটির দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে দলটি প্রেস ব্রিফিং করবে।
ইয়াসির আরাফাত জানান, সংসদীয় দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, ডা. মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ আরও কয়েকজন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। দুটি ছাগলও পুড়ে মারা গেছে বলে জানা গেছে। নুসরাতের অভিযোগ, হামলাকারীরা তাঁর পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে পেট্রল বোমা ছুড়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় নুসরাত নিজেই হত্যাচেষ্টার মামলা করেছেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দৌলতপুর উপজেলা ও কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।