রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর মোড়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. নাসির (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। একই ট্রাকে থাকা আরও দুজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ নভেম্বরের রাত ২টা ১০ মিনিটের দিকে রাজশাহী থেকে আসা আলুবোঝাই একটি ট্রাক (যশোর-ট-১১-৪৩৯১) চণ্ডীপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠের গুঁড়াবোঝাই আরেকটি ট্রাকের (রাজ মেট্রো-ড-১১-০১১৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আলুবোঝাই ট্রাকটি ব্রেক করলে দুই ট্রাকের মধ্যে ধাক্কা লাগে। এতে কাঠের গুঁড়াবোঝাই ট্রাকটি উল্টে যায় এবং চালক নাসিরসহ তিনজন গাড়ির নিচে চাপা পড়েন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নাসিরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নাসির বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। আহত দুজন একই গ্রামের বাসিন্দা—শহিদুলের ছেলে তুষার হোসেন (২০) ও আলেক চানের ছেলে মো. শুভ ফকির (১৯)।
বাঘা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। ঘটনার পর আলুবোঝাই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান; তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে বলে পুলিশ জানিয়েছে।