যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা আবার শুরু করতে রাশিয়া নীতিগতভাবে রাজি বলে ক্রেমলিন জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। বুধবার দিবাগত রাতের এ হামলায় একজন নিহত ও চার শিশুসহ ২২ জন আহত হয়েছেন বলে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রাতভর রাজধানীর ছয়টি জেলায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বিভিন্ন স্থানে আগুন লাগে এবং ক্ষয়ক্ষতি হয়।
দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মাঝারি ও দূরপাল্লার ড্রোন তৈরি ও মজুতের কাজে যুক্ত ইউক্রেনের সামরিক কারখানাগুলোতে বড় আকারের হামলা চালিয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, কিয়েভের পরিবহন অবকাঠামো, ওদেসা অঞ্চলের বন্দর স্থাপনা এবং ইউক্রেনীয় বাহিনীর কাজে ব্যবহৃত নৌযানও লক্ষ্যবস্তু ছিল।
অন্যদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, একই রাতে মস্কো ও আশপাশের এলাকার দিকে ৬৩০টি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে ১৬৩টি শহরে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় বলে তাঁর দাবি। দুই পক্ষের কোনো দাবিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পুতিন–উইটকফ বৈঠক
হামলার আগের দিন বুধবার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। দুজনের মধ্যে এটি ছিল নবম সরাসরি সাক্ষাৎ। বৈঠক শেষে ক্রেমলিনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া ‘নীতিগতভাবে’ নভেম্বরের ১০ তারিখের দিকে ত্রিপক্ষীয় আলোচনা আবার শুরু করতে প্রস্তুত। সম্ভাব্য ভেন্যু আবুধাবি। এই আলোচনার মূল বিষয় হবে যুদ্ধ-পরবর্তী সময়ে রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা কাঠামো।
তবে আগের দিন নরওয়ের রাজধানী অসলোতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের নেতা এবং ইউরোপীয় ও ন্যাটো প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় যেসব নতুন প্রস্তাব এসেছে, সেগুলো নিয়ে সন্তুষ্ট নয় মস্কো। উশাকভের ভাষায়, ওই প্রস্তাবগুলোতে ‘তেমন কিছু নেই’। তিনি বলেন, ইউরোপীয় নেতাদের অবস্থানে যুক্তরাষ্ট্র কিছু ‘নতুন সূক্ষ্ম পরিবর্তন’ দেখলেও সেগুলো রাশিয়াকে ‘পুরোপুরি সন্তুষ্ট করে না’। উইটকফ অবশ্য আলোচনায় ‘কিছুটা গতি’ এসেছে বলে মন্তব্য করেছেন।
বৈঠকের শুরুতে রাশিয়া মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয়। অবসরপ্রাপ্ত এই স্কুলশিক্ষককে ইউক্রেনের পক্ষে লড়াইয়ের অভিযোগে সাজা দেওয়া হয়েছিল। সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে তাঁকে উইটকফের হাতে তুলে দেওয়া হয়।
দূরত্ব এখনো অনেক
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এর আগে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তিন দফা আলোচনা হয়েছিল; দুটি আবুধাবিতে, একটি জেনেভায়। এরপর আলোচনা থেমে যায়। পুতিন এখনো দোনেৎস্কের পুরো নিয়ন্ত্রণ, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ না পাওয়া এবং অস্থায়ী যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ শান্তিচুক্তির দাবিতে অনড়। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের এখনই যুদ্ধ শেষ করার সময়, নইলে ‘খুব খারাপ কিছু’ ঘটবে।