সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বগুড়ায় দুই দিনের বৃষ্টিতে দেড় হাজার হেক্টরের ফসল ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতি পাকা আমন ধানের

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনি ও রোববারের বৃষ্টিতে জেলার ১৩ উপজেলায় আট হাজারের বেশি কৃষক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা দুই দিনের গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বগুড়ায় দেড় হাজার হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকা আমন ধানের। অনেক কৃষকের কেটে রাখা ধান পানির নিচে তলিয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ও রোববারের বৃষ্টিতে জেলায় মোট ১ হাজার ৫৪১ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে ১৩টি উপজেলায় ১ হাজার ১৪৫ হেক্টর জমির পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমন ধানের ক্ষতি সবচেয়ে বেশি সারিয়াকান্দি উপজেলায়, সেখানে ৭৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর রয়েছে গাবতলী (২২০ হেক্টর), শিবগঞ্জ (৯০ হেক্টর), আদমদীঘি (৭৫ হেক্টর) ও নন্দীগ্রাম (৫ হেক্টর)।

ধানের বাইরে ১৯৬ হেক্টর জমির মৌসুমি সবজির ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরিষা, ২১৩ হেক্টর। এ ছাড়া ১০৫ হেক্টর আগাম আলু, ৫২ হেক্টর সবজি, ১০ হেক্টর মরিচ, ৩ হেক্টর ভুট্টা এবং ১৩ হেক্টরের বিভিন্ন শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অধিদপ্তরের হিসাবে উঠে এসেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার উপপরিচালক সোহেল মোহাম্মদ সামসুদ্দিন ফিরোজ জানান, ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পরামর্শ দিচ্ছেন। ১৩ উপজেলায় ক্ষতিগ্রস্ত ৮ হাজার ৪৯১ কৃষককে তালিকাভুক্ত করে তথ্য কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ এলে তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বগুড়ায় ১ লাখ ৮৩ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল; আবাদ হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২৪৫ হেক্টরে। শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৩ হাজার ৬২৩ হেক্টর।