বাংলাদেশ বিমানবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের মোট ১৩৫ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে। বর্তমানে কঙ্গোতে অবস্থানরত কন্টিনজেন্টকে নতুন কন্টিনজেন্ট দিয়ে প্রতিস্থাপনের অংশ হিসেবে বিমানবাহিনীর ১১১ জন সদস্য বুধবার জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে কঙ্গোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, নতুন কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ উপলক্ষে একটি মুনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান।
আইএসপিআর জানিয়েছে, কঙ্গোয় বিবদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁদের অর্জিত এই সুনাম ও সাফল্য অক্ষুণ্ন রেখে শান্তিরক্ষীরা যেন ভবিষ্যতে আরও উৎকর্ষ অর্জন করতে পারেন, সেই প্রত্যাশায় মুনাজাতের আয়োজন করা হয়।