বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি এখন ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এটি উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বুধবার সকাল ৬টায় এর কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২২০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। কেন্দ্রের ৮০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, দমকা বা ঝোড়ো হাওয়ায় তা ঘণ্টায় ১১১ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের কথা বলেছে অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার থেকে বরিশাল ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে; রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। ইতিমধ্যে টেকনাফসহ কক্সবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।