রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরতে একটি বারে ঢুকতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে ছাত্রদলের তিনজন আহত হয়েছেন। পরে পুলিশ বারের ভেতর থেকে ছাত্রলীগের দুজনকে আটক করেছে। বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ ও ছাত্রদল সূত্রের বরাতে জানা যায়, ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর এক কর্মীকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করেন ছাত্রদলের একদল নেতা-কর্মী। তাঁরা ওই কর্মীর মুঠোফোন পরীক্ষা করার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। একপর্যায়ে ওই কর্মী দৌড়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান।
এরপর বারের কয়েকজন নিরাপত্তাকর্মী তাঁকে ছেড়ে দিতে ছাত্রদলের নেতা-কর্মীদের অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁকে ছাড়াতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক সেখানে হাজির হন। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকেও আটক করার চেষ্টা করলে তিনি দৌড়ে বারের ভেতরে আশ্রয় নেন।
পুলিশ সূত্রের ভাষ্য, ছাত্রদলের ১০০ থেকে ১৫০ নেতা-কর্মী বারে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা টাওয়ারের নিচের প্রবেশপথের গেট বন্ধ করে দেন। এরপর ছাত্রদলের নেতা-কর্মীদের মারধর করা হয়। খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বারের ভেতরে অভিযান চালিয়ে ছাত্রলীগের দুজনকে আটক করে।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন বলেন, আটক ছাত্রলীগের ওই কর্মীর বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ তাঁদের কাছে আছে, তাই তাঁরা সেখানে গিয়েছিলেন। তিনি জানান, নিরাপত্তাকর্মীদের মারধরে তিনিসহ তিনজন আহত হয়েছেন এবং তাঁরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত অন্য দুজন মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব ও ছাত্রদল নেতা আকাশ; তাঁদের মাথা কেটে গেছে।
রাত পৌনে ১টার দিকে ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, এ ঘটনায় দুই ছাত্রলীগ নেতা, কয়লা বারের ম্যানেজারসহ ৮-৯ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তখনো ছাত্রদলের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে অবস্থান করছিলেন। তিনি বলেন, ছাত্রদলের কেউ মামলা বা অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।