কুমিল্লার চান্দিনায় ফসলি জমি রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি ড্রেজার মেশিন ধ্বংস এবং প্রায় সাড়ে ৪ হাজার ফুট পাইপলাইন অপসারণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইঞ্জারুল হক অভিযান পরিচালনা করেন। উপজেলার সুহিলপুর, বাতাঘাসী ও জোয়াগ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চলে। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইঞ্জারুল হক বলেন, অবৈধ ড্রেজারের কারণে ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকেরা জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার কারণে কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছিল। এ ধরনের অভিযান নিয়মিত চালানো হলে ফসলি জমি রক্ষা করা সম্ভব হবে বলে তাঁরা মনে করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কোনো ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।