সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস, নির্বাচিত হলে প্রথম নারী

চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস রোববার নৈশভোজে ৬১ বছর বয়সী আইগনারের নাম ঘোষণা করেন; সোমবার সিডিইউ-সিএসইউর বৈঠকে মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা।

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলসে আইগনারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। মনোনয়ন চূড়ান্ত হলে এবং তিনি নির্বাচিত হলে ৬১ বছর বয়সী আইগনার হবেন জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট।

রোববার নিজের মধ্য-ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে এ ঘোষণা দেন মের্ৎস। আইগনার বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার। তিনি সিডিইউর বাভারিয়াভিত্তিক সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। ২০১৮ সালে তিনি বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন এবং এখনো সেই দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সময় সোমবার সিডিইউ ও সিএসইউর এক বৈঠকে তাঁর মনোনয়ন অনুমোদিত হলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, ক্ষমতাসীন জোটের দলগুলোকে প্রেসিডেন্ট পদে একজন অভিন্ন প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। দেশটির বর্তমান সরকার সিডিইউ, সিএসইউ ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) জোটে গঠিত।