দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ের সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও তাদের অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ১৮ নভেম্বরের এক নির্দেশনায় বলা হয়েছে, ওই কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে পড়ুয়া ছাত্রীদের সর্বজনীনভাবে উপবৃত্তি দেওয়া হবে। ছাত্রদের ক্ষেত্রে উপবৃত্তি কার্যক্রম আগের নিয়মেই চলবে।
অর্থ যাবে সরাসরি হিসাবে
নতুন ব্যবস্থায় উপবৃত্তির অর্থ জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থী বা তার অভিভাবকের হিসাবে পাঠানো হবে। এ জন্য শিক্ষার্থী বা অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে। যারা ইতিমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অধীনে অর্থ পাচ্ছে অথবা যাদের তথ্য কর্মসূচির নির্ধারিত সফটওয়্যারে (এইচএসপি-এমআইএস) অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে হিসাব খুলতে হবে না। তবে এখনো উপবৃত্তি পাচ্ছে না, এমন ছাত্রীদের শিক্ষার্থী বা অভিভাবকের নামে প্রয়োজনীয় হিসাব খুলতে হবে।
মোবাইল ব্যাংকিংয়ের শর্ত
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি নিতে চাইলে মা–বাবার মধ্যে যাঁকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং তাঁর নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অর্থাৎ সিম নিবন্ধন ও মোবাইল ব্যাংকিং হিসাবের মালিকানার তথ্য মিলতে হবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, আবেদনে বাবাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হলে তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়েই সিম নিবন্ধন ও হিসাব খুলতে হবে।
হিসাব খোলার সময় গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) ফরম যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে জিটুপি পদ্ধতিতে অর্থ পাঠানো সম্ভব হবে না।
নির্দেশনায় উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি জানানো এবং উপবৃত্তি–সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমাধানের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পুরো বিষয়টিকে অতীব জরুরি বলে উল্লেখ করেছে।