বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নোয়াখালী-ঢাকা রুটে একে একে বন্ধ ট্রেন, চালু শুধু উপকূল এক্সপ্রেস; দুর্ভোগে যাত্রী ও ব্যবসায়ীরা

এক সময় একাধিক আন্তঃনগর ও লোকাল ট্রেন চললেও এখন একটি ট্রেনই ভরসা; সোনাইমুড়ী-চৌমুহনী-মাইজদী এলাকার ব্যবসায়ীরা ক্ষতির কথা বলছেন।

নোয়াখালী-ঢাকা রুটের ট্রেন যোগাযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, এক সময় এই রুটে আন্তঃনগর নোয়াখালী এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, ঢাকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন চলত। এখন উপকূল এক্সপ্রেস ছাড়া সবগুলোই বন্ধ। চালু থাকা ট্রেনটিও চলছে অনিয়মিতভাবে।

নিম্ন আয়ের বেশির ভাগ মানুষ এসব ট্রেনে যাতায়াত করতেন। লোকাল ট্রেনের মাধ্যমে সোনাইমুড়ী, চৌমুহনী, মাইজদী ও সোনাপুরের ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে মালামাল আনা-নেওয়া করতেন, তাতে সময় ও খরচ দুটিই সাশ্রয় হতো।

যাত্রীরা বলছেন, উপকূল এক্সপ্রেস ভোরে নোয়াখালী থেকে ছেড়ে যায় বলে যাত্রীসংকট থাকে। আবার রাতে নোয়াখালীতে পৌঁছানোয় অনেক সময় যাত্রীরা চুরি ও ছিনতাইয়ের শিকার হন। সেনবাগ থেকে আসা আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী রেলস্টেশনে বলেন, আগে কুমিল্লা, লাকসাম ও ঢাকায় ট্রেনে যাওয়া যেত এবং একাধিক ট্রেন থাকায় সহজে টিকিট মিলত। এখন ট্রেন না থাকায় বাস ও অন্য যানবাহনে যেতে হয়, তাতে সময় ও খরচ বেশি লাগে।

চৌমুহনী রেলস্টেশনের পাশের বাসিন্দা সাকাওয়াত উল্যাহ জানান, এক সময় স্টেশনগুলো জনসমাগমে ভরা থাকত, এখন ট্রেন না আসায় জনমানবশূন্য। স্টেশনের আশপাশের খাবার হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্রেতার অভাবে বন্ধের পথে।

বৃহত্তর নোয়াখালী রেল উন্নয়ন ফোরামের সভাপতি সাজ্জাদুল ইসলাম জানান, নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন বাড়ানো এবং চট্টগ্রাম-ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক রেল নেটওয়ার্ক স্থাপনের দাবি দীর্ঘদিনের। সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করা হলেও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না বলে তিনি জানান।

চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল বলেন, রেল যোগাযোগ ভালো ছিল বলেই আগে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছিল। ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।