রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: প্রতিবেদন দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে তদন্ত কমিটি

ঘটনাস্থল থেকে নেওয়া নমুনার ফরেনসিক প্রতিবেদন পেতে সময় লাগছে বলে জানিয়েছেন কমিটির প্রধান; রোববার প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি প্রতিবেদন দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে। রোববার কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, রোববার বেলা ১২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে কমিটির সব সদস্য বৈঠক করেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে তদন্তের স্বার্থে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত হয়। সময় বাড়ানোর কারণ হিসেবে তিনি বলেন, ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেগুলোর ফরেনসিক প্রতিবেদন পেতে সময় লাগছে। ওই প্রতিবেদন পাওয়ার পর সবকিছু একত্র করে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

গত বুধবার গভীর রাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে তিনি দৌলতপুর থানায় মামলা করেন। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়; তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কমিটির অন্য তিন সদস্য হলেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। শুক্র ও শনিবার দুই দিন কমিটির সদস্যরা পোড়া বাড়িটি পরিদর্শন করেন।

শনিবার প্রাথমিক তদন্তের বরাত দিয়ে কমিটির এক সদস্য জানিয়েছিলেন, ঘটনার রাতে সিসিটিভি ফুটেজে ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে যে স্ফুলিঙ্গ দেখা গেছে, তা আগুনের সূত্রপাত নয়; তার অনেক আগে থেকেই অল্প অল্প করে আগুন জ্বলছিল। তাঁর ভাষ্য, শর্টসার্কিটের কারণে আগুন লাগেনি। কমিটি মনে করছে, বাড়ির একটি কক্ষে খড় রাখা ছিল; কেউ হয়তো খড়ে আগুন দিয়েছিল বা দুর্ঘটনায় এটি হতে পারে। বিষয়টি আরও পর্যালোচনা করা হচ্ছে।