রসায়নে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেলেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর এম. ইয়াগি।
তাঁদের উদ্ভাবিত ধাতব-জৈব কাঠামো (Metal–Organic Frameworks বা MOF) হচ্ছে এক ধরনের নতুন আণবিক স্থাপত্য, যেখানে ধাতব আয়নগুলো কোণার পাথরের মতো কাজ করে এবং দীর্ঘ জৈব অণু সেই ধাতুতে সংযুক্ত হয়ে তৈরি করে বিশাল ফাঁপা জায়গা বা গহ্বর। এই MOF গঠনে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি, পানির উৎপাদন, পরিবেশ থেকে কার্বন শোষণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ, রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করাসহ বৈদ্যুতিক পরিবাহিতা এবং নির্দিষ্ট রাসায়নিক পদার্থ শোষণের ক্ষেত্রে দারুণ কার্যকর ভূমিকা রয়েছে।
নোবেল পুরস্কার বিজয়ীরা পাবেন একটি বিশেষ মেডেল, সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা)। তিন বিজ্ঞানীর মধ্যে পুরস্কারের অর্থ সমান ভাগে ভাগ হবে।
নোবেল কমিটির ভাষ্যমতে, এই গবেষণা “রসায়নের ব্যাকরণ নতুন করে বদলে দিয়েছে” এবং আগামী দিনের পরিবেশ ও শিল্প-প্রযুক্তিতে অনন্য সুযোগ এনে দিয়েছে। এই আবিষ্কারের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিভিন্ন কর্মক্ষেত্রে পরিবেশবান্ধব সমাধান ও টেকসই উন্নয়নের পথ সুগম করা।