সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাজশাহী মহানগরীতে বিশেষ চেকপোস্ট ও অভিযান চালিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বুধবার মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক বিভাগ ও ১২টি থানার পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
আরএমপির তথ্য অনুযায়ী, অভিযানের সময় বিভিন্ন ধরনের মোট ৫৪০টি যানবাহন তল্লাশি করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৬৭টি মামলা করা হয়েছে। এ ছাড়া ৫২টি যানবাহন আটক করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো, দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কোন কোন স্থানে চেকপোস্ট বসানো হয়েছিল কিংবা কী কী অনিয়মের কারণে যানবাহন আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।