কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ ঘণ্টায় মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে ৬৪ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। গত ১৯ ও ২০ নভেম্বর ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) সমন্বিতভাবে অভিযান চালায়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৮১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অভিযানে জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদার, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধের চেষ্টা করা হয়।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। জেলা পুলিশ জানায়, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী কী অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত তালিকা পুলিশ প্রকাশ করেনি।