মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

রিয়াদের আর্থিক এলাকায় আবারও টাওয়ারে হুথি হামলা, আহত ১১; এক সপ্তাহে দ্বিতীয় ঘটনা

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, আহতদের মধ্যে দুজন সৌদি নাগরিক এবং ভারত, নেপাল ও মিসরের ৯ প্রবাসী; হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক এলাকায় একটি টাওয়ারে হুথি হামলায় ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সৌদি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে এ তথ্য জানায়। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই এলাকায় এটি দ্বিতীয় হামলা।

সিভিল ডিফেন্সের বিবৃতি অনুযায়ী, আহতদের মধ্যে দুজন সৌদি নাগরিক। এ ছাড়া ভারতের দুজন, নেপালের তিনজন এবং মিসরের চারজন বাসিন্দা আহত হয়েছেন। আহতদের আঘাতের ধরন বা গুরুত্ব সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। সংস্থাটি জানায়, ঘটনার পরপরই কর্তৃপক্ষ সেখানে পৌঁছায়, অনুমোদিত সব পদ্ধতি ও ব্যবস্থা অনুসরণ করে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। বিবৃতিতে ঘটনাটিকে হুথি মিলিশিয়াদের ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করা হয়েছে।

এর আগে মঙ্গলবারই ইয়েমেনে বৈধ সরকারকে পুনঃপ্রতিষ্ঠার জন্য গঠিত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, আর্থিক এলাকার একটি টাওয়ারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে। তিনি এটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেন।

গত বৃহস্পতিবারও সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, রাজধানীর একই আর্থিক এলাকায় হুথি হামলায় একটি টাওয়ারের কয়েকটি তলা ও আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।