রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ সানজিদা আক্তার (২০) মারা গেছেন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিনে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সানজিদার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালী পুড়ে যাওয়ায় শুরু থেকেই তাঁর অবস্থা ছিল আশঙ্কাজনক।
এর আগে একই ঘটনায় সানজিদার বোন সাবা (২২) এবং সাবার দেড় বছরের শিশুপুত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ফলে একই পরিবারের তিনজনের প্রাণ গেল এই দুর্ঘটনায়।
গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) ভোরে কাঁঠালবাগান বাজার এলাকার একটি সাততলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে রান্নার গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিন সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।