নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১০ থেকে ১২টি গ্রামের মানুষ। গত বর্ষা মৌসুমের ভারী বৃষ্টি ও বন্যায় সড়কের বিভিন্ন জায়গার পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও সড়ক ভেঙে দেবে গেছে।
সরেজমিনে দেখা যায়, পতিসর থেকে হিঙ্গলকান্দি ও বড়সাওতা হয়ে সমসপাড়া হাট এবং গুড়নদীর পারঘাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশ চলাচলের অনুপযোগী। সড়কটি অনেক আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে পাকা করা হয়েছিল। কার্পেটিং উঠে গেলে একবার সংস্কারও হয়। তবে গত বর্ষায় নতুন করে বড় গর্ত সৃষ্টি হয়েছে। কয়েক জায়গায় ভাঙন এতটাই প্রকট যে যাত্রীদের গাড়ি থেকে নেমে ভাঙা অংশ হেঁটে পার হতে হচ্ছে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন রোগী, গর্ভবতী নারী ও কৃষিপণ্য পরিবহনকারীরা। পতিসর গ্রামের মতিউর রহমান মামুন বলেন, সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়ছে না, দিন দিন দুর্ভোগ বাড়ছে। হিঙ্গলকান্দি গ্রামের রফিকুল ইসলাম বলেন, উপজেলা ও জেলা সদরে যাওয়া, হাসপাতাল বা হাটবাজারে যাতায়াতের বিকল্প সড়ক নেই। ভ্যানচালক মনিরুল ইসলাম জানান, বড় গর্তের কারণে অল্প মালামাল নিয়ে চলতে হয় এবং ভ্যানের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। পথচারী নাদিম মাহমুদের ভাষ্য, যানবাহনের ভাড়াও দ্বিগুণের বেশি দিতে হচ্ছে।
আত্রাই উপজেলা এলজিইডির প্রকৌশলী নিতীশ কুমার জানান, সড়কটি মেরামত ও পুনর্নির্মাণের জন্য প্রাক্কলন তৈরি করে জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করা হবে। দ্রুত প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা যাবে বলে তিনি আশা করছেন।