বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কাউখালীতে জরাজীর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

ছাদের পলেস্তারা খসে পড়া, বৃষ্টিতে মাঠ তলিয়ে যাওয়া আর অবকাঠামো সংকটে আতঙ্কে কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের ৫৭ নম্বর কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। ছাদ থেকে পলেস্তারা খসে পড়া, সামান্য বৃষ্টিতে মাঠ ডুবে যাওয়া ও অবকাঠামোগত নানা সংকটে শিক্ষক-শিক্ষার্থীরা দুর্ভোগে আছেন। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরা।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এখন দুই শিফটে চলে। এখানে ১৭৫ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন ছয়জন। শিক্ষকদের বসার কক্ষ ও লাইব্রেরি সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে; ছাদ চুইয়ে পানি পড়ে, প্রায়ই খসে পড়ে পলেস্তারা। এর আগে পলেস্তারা ধসে শিক্ষক ও অভিভাবকদের আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, পুরোনো ভবনের বিভিন্ন অংশ নাজুক হয়ে পড়েছে। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি একটু বাড়লেই বিদ্যালয়ের চারপাশ ডুবে যায়, যাতায়াত ব্যাহত হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অতিবৃষ্টিতে বিদ্যালয়টি পানিবন্দি হয়ে পড়ে। পর্যাপ্ত খেলার মাঠ নেই, বাথরুমেও রয়েছে নানা সমস্যা।

এক শিক্ষার্থী জানায়, ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে তাদের খুব ভয় লাগে। এক অভিভাবক বলেন, সন্তানদের স্কুলে পাঠাতে তাদের বুক কাঁপে। প্রধান শিক্ষক বিথিকা সাহা জানান, ভয় নিয়েই তাদের লাইব্রেরি ও ভবনে বসে কাজ করতে হয় এবং সমস্যার কথা একাধিকবার লিখিতভাবে উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে।

কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান বলেন, বিষয়টি তিনি জানেন এবং দ্রুত পদক্ষেপের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। স্থানীয়দের দাবি, নতুন ঊর্ধ্বমুখী ভবন নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।