বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

১৮ বছর পর প্যারোলে বাড়ি ফিরলেন মোংলার বাদল ফরাজি, ভারতে খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত

দিল্লিতে গৃহকর্মী ‘বাদল সিং’কে খোঁজা হচ্ছিল খুনের মামলায়; পরিবারের দাবি, পর্যটক হয়ে যাওয়া বাদল ফরাজিকে সেই আসামি দেখানো হয়েছিল; এক মাসের প্যারোলে মঙ্গলবার রাতে মায়ের কাছে ফিরলেন তিনি।

দীর্ঘ ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাগেরহাটের মোংলার বাদল ফরাজি। মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পর পুলিশের পাহারায় তাঁকে নিয়ে যাওয়া হয় বাগেরহাটে। রাত পৌনে নয়টার দিকে মোংলা থানায় মা ও বোনের সঙ্গে দেখা হয় তাঁর। এরপর রাত প্রায় ১১টায় তিনি পৌঁছান মোংলা পৌরসভার কুমারখালী এলাকার নিজ বাড়িতে।

বাড়ির সামনে তাঁকে একনজর দেখতে ভিড় করেন প্রতিবেশী ও এলাকার মুরব্বিরা। কেউ জড়িয়ে ধরেন, কেউ চোখের পানি মোছেন। স্বজনেরা বাড়ির বারান্দায় অপেক্ষায় ছিলেন। বাদল সবাইকে বুকে টেনে নিয়ে বলেন, ‘এই তো আমি ফিরে আসছি।’ পরে মা শেফালী বেগম নিজ হাতে ছেলেকে খাইয়ে দেন। বোনেরা ভাইয়ের জন্য শাকভাজি, গরুর মাংসের ভুনা, ট্যাংরা মাছের ঝোল ও ডিমভুনা রান্না করেছেন।

মামলার সূত্রপাত ২০০৮ সালের ৬ মে। ওই দিন দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে ৭১ বছর বয়সী এক নারী খুন হন। ভারতীয় পুলিশ তখন নিহত নারীর গৃহকর্মী ‘বাদল সিং’কে খুঁজছিল। হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর, ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান মোংলার বাদল ফরাজি। পরিবারের দাবি, তিনি তাজমহল দেখতে গিয়েছিলেন। কিন্তু ভারতের সীমান্তরক্ষী বাহিনী তাঁকে আটক করে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার দেখায়।

২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন এবং ২২ আগস্ট যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন। প্রায় ১০ বছর তিহার কারাগারে থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়।

বাদলের বোন আকলিমা বেগম বলেন, ভাইয়ের সঙ্গে দেখা হওয়ায় তাঁরা ভীষণ খুশি, তবে একটাই চাওয়া—ভাই যেন স্থায়ীভাবে মুক্তি পান। তাঁর ভাষায়, এক মাস ভাই বাড়িতেই থাকবেন। মা শেফালী বেগম বলেন, ‘বিনা দোষে ১৮ বছর জেল খাইট্টা যদি আবার প্যারোলে আয়ে, কোনো দিন ভালো লাগে?’ এক মাস পর ছেলেকে আবার ফিরতে হবে, এটা ভাবতেই পারছেন না বলে জানান তিনি। সরকারের কাছে তাঁর আবেদন, ছেলেটা যেন মুক্তি পায়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জামাল পেয়াদা বলেন, ‘খুব ভালো ছেলে বাদল। ছেলেটার স্থায়ী মুক্তি মিলুক, সেই কামনাই করি।’