ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খেলোয়াড় কোটায় আবেদনের যোগ্যতা ও শর্তাবলি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল কিংবা বয়সভিত্তিক (অনূর্ধ্ব ২৩, ২০, ১৯, ১৭ বা ১৬) দলের সদস্য হিসেবে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। ব্যক্তিগত ক্রীড়ার ক্ষেত্রে (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠান ও বাংলাদেশ অলিম্পিক ক্রীড়া ফেডারেশনভুক্ত খেলা) জাতীয় র্যাঙ্কিংয়ে ১ থেকে ৫-এর মধ্যে থাকতে হবে। সব খেলোয়াড় প্রার্থীর বয়স অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে।
খেলোয়াড় সুবিধায় ভর্তির জন্য প্রার্থীকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সুপারিশ পেতে হবে। এই সুবিধায় ভর্তির আসন নির্ধারিত আসনসংখ্যার অতিরিক্ত হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট ইউনিটপ্রধানেরা বিজ্ঞপ্তি দিয়ে খেলোয়াড় সুবিধায় দরখাস্ত আহ্বান করবেন। কোটার আসন পূর্ণ না হলে মেধা থেকে শূন্য আসন পূরণ করা হবে।
নির্ধারিত আসনসংখ্যার বাইরে পোষ্য সুবিধার উপযুক্ত প্রার্থীদেরও অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচিও জানানো হয়েছে। আইবিএ ইউনিটের পরীক্ষা হবে ৫ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৬ ডিসেম্বর। আবেদনের বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।