রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে কোমরে বাঁধা সাড়ে ৭ কেজি সোনার পেস্টসহ আটক ৩

সৌদি আরব থেকে আনা প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকার সোনার পেস্ট উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে সাত কেজি ওজনের সোনার পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার সোনার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

এপিবিএন জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির বহির্গমন ফটক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন কৌশলে সরে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটক করে এপিবিএন কার্যালয়ে নেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদরের ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারামের জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়ার শাওন (৩৯)। দেহ তল্লাশিতে সৌরভের কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ডিম্বাকৃতির ১৫টি বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায়, সেগুলো ২৪ ক্যারেটের সোনার পেস্ট, মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম বা প্রায় ৬৪৩ ভরি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এপিবিএন জানিয়েছে, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করতেন এবং সেখান থেকে বিশেষ কৌশলে সোনা এনে বাকি দুজনসহ দেশে অবস্থানরত আরও কয়েকজনের সহযোগিতায় চোরাচালান করতেন। আটক তিনজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

এপিবিএনের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, কয়েক দিন ধরেই গোয়েন্দা তথ্য ছিল যে একটি চক্র পেস্ট আকারে সোনা পাচারের চেষ্টা করছে। সেই তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়েছিল। চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। আটক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এপিবিএন।