কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের কথিত সর্দার ও গিয়াস উদ্দিন অপহরণ-হত্যা মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরের দিকে বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে যৌথ অভিযানে তাঁকে ধরা হয়। এ সময় দুটি মোটরসাইকেল ও ইমিটেশনের গয়না উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় তৌহিদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি ও মাদকসহ ২৫টির বেশি মামলা এবং তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর রাতে চকরিয়ার পূর্ব বড় ভেওলার ঈদমনি উত্তরপাড়ায় এক বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার, মোবাইল ও মোটরসাইকেল লুট করা হয়। একই রাতে ফাঁসিয়াখালীর উচিতার বিলে আরেকটি বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩১ লাখ ২০ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটে। দুটি ঘটনাতেই চকরিয়া থানায় মামলা হয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে মাতামুহুরী সেতু এলাকা থেকে গিয়াস উদ্দিনকে অপহরণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি তৌহিদ। এ ঘটনায় ২০২৬ সালের ১ অক্টোবর চকরিয়া থানায় মামলা হয়।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, তৌহিদের নেতৃত্বে ৪০-৫০ সদস্যের একটি দল সক্রিয় রয়েছে। তাঁর বাবা, ভাই ও স্ত্রীর সম্পৃক্ততার তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। ডাকাতির টাকায় চকরিয়ার উত্তর লোটনীতে তিনতলা বাড়ি এবং বান্দরবানের লামার ফাইতংয়ে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে, যার ভূগর্ভস্থ অংশ লুট করা মালামাল রাখার কাজে ব্যবহৃত হতো বলে পুলিশের ধারণা। তৌহিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সহযোগীদের গ্রেপ্তার ও সম্পদের অনুসন্ধান চলছে বলে পুলিশ জানিয়েছে।