সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার মদনে ২০ টাকা টোল নিয়ে কথা-কাটাকাটির পর জুলাই আন্দোলনে চোখ হারানো আব্দুল বারেকের মৃত্যু, আটক ১

পৌরসভার ইজারাদারের লোকজনের হামলায় ৭০ বছর বয়সী বারেক নিহত হয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ; পুলিশ একজনকে আটক করেছে।

নেত্রকোনার মদন পৌর এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে হামলায় আব্দুল বারেক (৭০) নামে জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুরে মাত্র ২০ টাকা টোল নিয়ে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানিয়েছে।

নিহত আব্দুল বারেক মদনের চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি চোখ হারিয়েছিলেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, পৌরসভায় চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের জন্য মুফতি রায়হান আহমেদ পৌরসভা থেকে ইজারা নিয়েছেন। অভিযোগ রয়েছে, নিয়মনীতি না মেনে দীর্ঘদিন ধরে পৌরসভার সীমানার বাইরেও টোল আদায় করে আসছিলেন ইজারাদারের লোকজন।

সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে মদনগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় অটোরিকশায় থাকা আব্দুল বারেক টোল আদায়কারীর ঘুষিতে গুরুতর আহত হন বলে স্থানীয়রা জানান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আতিকুল ইসলাম (১৯) নামের এক যুবককে আটক করেছে মদন থানা পুলিশ। আটক আতিকুল পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।