শিল্পাঞ্চলের সাম্প্রতিক অস্থিরতায় গত ১৮ দিনে তৈরি পোশাক খাত বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির হিসাবে, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৩১৭টি কারখানার উৎপাদন-ক্ষতি দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার (এফওবি মূল্যমানে)।
রোববার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, একই সময়ে ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ হারানো হয়েছে। খাতটির প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে সংগঠনটি গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ চালিয়েছে। এই প্রাথমিক জরিপ থেকেই ক্ষতির চিত্র উঠে এসেছে বলে সংগঠনটি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। জরিপে অন্তর্ভুক্ত কারখানাগুলো ন্যূনতম ১ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
পোশাক খাতের এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন রোববার বলেছেন, মজুরি বোর্ড আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের জন্য যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে।