গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে জেলা পরিদর্শনে গিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে।”
আইজিপির সঙ্গে ওই বৈঠকে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে তাঁরা জেলা পুলিশ লাইনসে পুলিশের কল্যাণ সভায় অংশ নেন। বিকেল ৩টার দিকে শুরু হওয়া বৈঠক প্রায় এক ঘণ্টা চলে। এরপর বিকেল ৪টার দিকে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন।
টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, “থানাগুলো কাদের জন্য? আমাদের জন্য, নাকি আপনাদের—এই জনগণের জন্য? আপনাদের থানা আপনারা যদি পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে?” তিনি জানান, একটি থানায় ২০ জন পুলিশ সদস্যের বিপরীতে ১০ লাখ মানুষ থাকলে জনগণের মানসিক সমর্থন ও সহযোগিতা ছাড়া তাঁদের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যারা অশান্তি সৃষ্টি করে তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে এবং এদের সংখ্যা খুব বেশি নয়। জেলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাঁর মূল্যায়ন, “পরিস্থিতি আজ পর্যন্ত অনেক ভালো দেখছি, আগামীতেও ভালো থাকবে।” কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, তার পরিণতি সবাই দেখেছেন।
উল্লেখ্য, ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ধারাবাহিক সহিংসতা হয়। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫টির বেশি গাড়িতে আগুন দেওয়া হয় এবং জেলার তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের বাড়িসহ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত থেকে নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।