রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

পাবনার চাটমোহরে বিনা চাষে রসুন রোপণের ধুম, এবার লক্ষ্যমাত্রা ৪ হাজার ৭০০ হেক্টর

আমন কাটার পর ভেজা জমিতে খড় বা কচুরিপানার মালচিংয়ে রসুন বসাচ্ছেন চলনবিল অঞ্চলের কৃষকেরা; গত তিন বছরে আবাদ বেড়েছে প্রায় এক হাজার হেক্টর।

পাবনার চাটমোহর উপজেলায় এখন বিনাহালে, অর্থাৎ জমি চাষ না করেই রসুন লাগানোর ব্যস্ততা চলছে। গত বছর রসুনের দাম ভালো পাওয়ায় কৃষকেরা এবারও এই ফসলের দিকে ঝুঁকেছেন। 'সাদা সোনা' বলে পরিচিত রসুন এখন চাটমোহরসহ চলনবিল অঞ্চলের অন্যতম অর্থকরী ফসল।

স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী, আমন ধান কাটার পর জমির খড় পরিষ্কার করে ভেজা জমিতে রসুনের কোয়া বসানো হয়। কাদামাটির ওপর সারি সারি কোয়া বিছিয়ে দেওয়ার পর জমি নাড়া (খড়) কিংবা কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়া হয়। রসুনগাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে খড় ও কচুরিপানা পচে জমিতে জৈব পদার্থ জোগায়, মাটির উর্বরতা রক্ষায়ও এই মালচিং পদ্ধতি ইতিবাচক ভূমিকা রাখে বলে কৃষকেরা জানান। এটি এই অঞ্চলের দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি।

উপজেলা কৃষি বিভাগ জানায়, এ মৌসুমে চাটমোহরে চার হাজার ৭০০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত তিন বছরে শুধু এই উপজেলাতেই রসুনের আবাদ বেড়েছে প্রায় এক হাজার হেক্টর। কৃষি বিভাগ আশা করছে, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

গুনাইগাছা, বিলচলন, ছাইকোলা, হরিপুর, ডিবিগ্রাম, মূলগ্রাম ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাঠের পর মাঠজুড়ে রসুন রোপণের প্রস্তুতি ও কাজ চলছে। বাড়ির নারী সদস্যরা বীজ রসুনের কোয়া ছাড়িয়ে রোপণের উপযোগী করছেন, কেউ কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেও কাজ করছেন। শ্রমিকদের মধ্যে পুরুষের দৈনিক মজুরি ৬০০ টাকা এবং নারীর ৩০০ টাকা।

ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামের কৃষক আব্দুল আজিজ এ বছর পাঁচ বিঘা জমিতে রসুন লাগিয়েছেন। বিলচলন ইউনিয়নের বোয়াইলমারি গ্রামের কৃষক মুনজিল হোসেন বলেন, গত কয়েক বছর ভালো ফলন ও দাম পাওয়ায় এবার আগের চেয়ে দুই বিঘা বেশি জমিতে রসুন লাগিয়েছেন। গুনাইগাছা ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম জানান, মূলত সময় বাঁচাতেই এই পদ্ধতিতে চাষ করা হয়। বর্ষার পানি নামার পর জমিতে 'জো' আসতে দেরি হলে রসুন চাষও পিছিয়ে যায়; বিনা চাষে জমি তৈরি ও শ্রমিকের খরচ কমে।