বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

শেষ ম্যাচে খালেদ আহমেদের আগুনঝরা বোলিং, গ্লস্টারশায়ারকে ২৩০ রানে অলআউট করলো কেন্ট

কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট নিয়েছেন খালেদ আহমদ।

কাউন্টি ক্রিকেট ডিভিশন টু-এর শেষ রাউন্ডের ম্যাচে কেন্টের হয়ে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। এই মৌসুমে নিজের শেষ ম্যাচে তিনি গ্লস্টারশায়ারের বিপক্ষে ৩৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন। তার দাপুটে বোলিংয়ে গ্লস্টারশায়ার সব উইকেট হারিয়ে ২৩০ রান তুলতে সক্ষম হয়। কেন্টের অন্য পেসার মিলনেস ৫৫ রান খরচায় ৪টি উইকেট লাভ করেন। গ্লস্টারশায়ারের পক্ষে জেমস ব্রেসি ৮৬ এবং অলি প্রাইস ৫২ রান করেছেন। ডিভিশন ওয়ানে উন্নীত হওয়ার জন্য কেন্টের এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কেন্ট। খালেদ ও অন্যান্য পেসাররা প্রথম দিনেই দলকে সাফল্য এনে দেন। খালেদ প্রথমে দারউইশ আহমেদকে আউট করেন, এরপর সাই কিশোরকে উইকেটরক্ষকের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। এরপর তিনি ব্রেন্ডন সিমন্ডসকেও বোল্ড করেন। জবাবে গ্লস্টারশায়ারের ২৩০ রানের বিপরীতে ব্যাট করতে নেমে দিনের শেষভাগে কেন্ট ১ উইকেট হারিয়ে ৭১ রান তোলে। জ্যাক ক্রলি ১ রানে আউট হলেও বেন কম্পটন ৩৩ ও স্যাম নর্থইস্ট ২৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। দ্বিতীয় দিনের শুরুতে কেন্ট ১৫৮ রানে পিছিয়ে ছিল। এটি কেন্টের এবং খালেদের চলতি মৌসুমের শেষ ম্যাচ। চার ম্যাচের চুক্তিতে সেপ্টেম্বরে দলে যোগ দেওয়া খালেদ প্রথম দুটি ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে তার মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৪টি। ম্যাচের আরও তিন দিন বাকি থাকায় তার সামনে আরও ভালো করার সুযোগ রয়েছে।