রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

চুয়েটে ৬৮ দিনের অচলাবস্থা: আন্দোলনে বিভক্তি, বাস-অ্যাম্বুলেন্সের জ্বালানি বন্ধের শঙ্কা

উপাচার্য নিয়োগকে ঘিরে চলা আন্দোলনে দ্রুত সমাধান চান একাংশ; তালাবদ্ধ উপাচার্য দপ্তরের কারণে বেতন ও জ্বালানি বকেয়া আটকে আছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলমের নিয়োগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে বিভক্তি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টানা ৬৮ দিন ধরে চলা কর্মসূচিতে আন্দোলনকারীদের একটি অংশ দ্রুত সংকটের সমাধান চাইলেও অন্য অংশ উপাচার্যবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে। দীর্ঘ কর্মসূচিতে আন্দোলনকারীদের মধ্যে ক্লান্তি ও হতাশাও দেখা দিয়েছে।

সূত্র জানায়, অচলাবস্থার দ্রুত সমাধান চেয়ে আন্দোলনকারীদের একটি অংশ চট্টগ্রামের একজন প্রভাবশালী প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার পক্ষে। অপর পক্ষ এ বিষয়ে কোনো আলোচনায় বসতে রাজি নয়। এর মধ্যে শিক্ষার্থী, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি থেকে সরে এসে প্রতিষ্ঠানের ভেতর থেকেই উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে।

শিক্ষার্থী ও শিক্ষকদের ভাষ্য, দীর্ঘ অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির। গত ৬৮ দিন ধরে উপাচার্যের কক্ষে শিক্ষার্থীদের দেওয়া তালা ঝুলছে। ফলে আর্থিক অনুমোদনে জটিলতা তৈরি হয়েছে, শিক্ষা উপকরণ ফুরিয়ে গেলেও নতুন করে কেনা যাচ্ছে না। অন্তত ৫০ জন গবেষণা সহকারী কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না; বাজেট থাকলেও কম্পট্রোলার অফিস উপাচার্য কার্যালয়ে থাকায় বেতন দেওয়া যাচ্ছে না। শিক্ষকদের নতুন বেতন স্কেল কার্যকরের বিষয়টিও আটকে আছে।

সবচেয়ে বড় সংকটে পড়েছে শিক্ষার্থীদের পরিবহনব্যবস্থা। জ্বালানি সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের কাছে চুয়েটের তিন মাসের বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধে দেওয়া এক সপ্তাহের সময়সীমাও শেষ হয়েছে। টাকা না মেটালে জ্বালানি সরবরাহ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে চুয়েটের সব বাস ও অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কর্মচারীদের ভাষ্য, ডেঙ্গু প্রতিরোধের কীট ও ফার্মেসির ওষুধের মজুতও শেষ। উপাচার্য না থাকায় ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা আছে এবং চলমান সেশনের পরীক্ষাও নির্ধারিত সময়ে হচ্ছে না।

গত ২৬ নভেম্বর থেকে শিক্ষার্থীরা আবার ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন। শুক্রবার আধা ঘণ্টা সড়ক অবরোধ ও ক্যাম্পাসে মিছিল হয়; শনিবার কোনো কর্মসূচি ছিল না, শুধু একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে শাটডাউন চলছে। শুক্রবার রাতে সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে ক্যাম্পাসে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, এতে একজন সাংবাদিকসহ অন্তত ছয়জন আহত হন।