মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে ফোন করে স্বর্ণ ব্যবসায়ীকে ফাঁদে ফেলার চেষ্টা, ব্যবসায়ীর ফেসবুকে পোস্ট

ফোনকারী নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিলেও কথাবার্তায় সন্দেহ হওয়ায় ব্যবসায়ী ফোন কেটে দেন।

ব্রিগেডিয়ার জেনারেল ও ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে এক স্বর্ণ ব্যবসায়ীকে ফাঁদে ফেলার চেষ্টা করেছেন এক ব্যক্তি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তুলে ধরেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্থায়ী কমিটির চেয়ারম্যান উত্তম বণিক।

উত্তম বণিক ‘জায়া গোল্ডেন অ্যান্ড ডায়মন্ড’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি একাধিকবার বাজুসের নির্বাহী কমিটিতে ছিলেন। তাঁর বর্ণনা অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। কল ব্যাক করলে ওপাশের ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, তিনি নাকি বিভিন্ন গ্রুপে অসামাজিক ছবি পোস্ট করেন।

উত্তম বণিক জানান, তিনি এমন কিছু করেন না বলায় ফোনকারী বলেন, হয়তো তাঁর সন্তানেরা করেছে। এরপর ওই ব্যক্তি বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন এবং অন্যথায় বড় সমস্যা হতে পারে বলে ভয় দেখান।

কথাবার্তার একপর্যায়ে ফোনকারীর অসংলগ্নতা বুঝতে পেরে উত্তম বণিকের সন্দেহ হয় যে তিনি সেনাবাহিনীর কোনো কর্মকর্তা নন। তাই তিনি আর কথা না বাড়িয়ে ফোন কেটে দেন। তিনি বলেন, “তাঁকে স্পষ্ট বলেছি, আমার এমন কোনো কাজ নেই, আপনি যা খুশি করেন।” তাঁর ভাষ্য, এরপরও ফোনকারী নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনি গুরুত্ব দেননি।

আগেও এ ধরনের অভিজ্ঞতা থাকায় ভয় পাননি বলে জানান উত্তম বণিক। তাঁর ভাষ্য অনুযায়ী, এক বছর আগে বাজুসের কোষাধ্যক্ষ থাকার সময়ও একই ধরনের প্রতারণার চেষ্টা হয়েছিল। সে সময়ের ঘটনায় ফোনকারী নিজেকে রাজস্ব কর্মকর্তা বলে পরিচয় দিয়েছিলেন বলে তিনি জানান।