মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দাদার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে ছয় বছর বয়সী এক শিশুকে হত্যা করে মরদেহ পরিত্যক্ত জমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। একই ঘটনায় শিশুর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মুল্লা ব্রিকস ইটভাটার কাছের একটি পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সিরাজদিখান থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন। তাঁর বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন। বুধবার বিকেল ৫টার দিকে দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে গোলাপ হোসেন ও তাঁর শিশুসন্তানের ওপর হামলা হয়। এ সময় শিশুটিকে হত্যা করে ইটভাটার কাছের পরিত্যক্ত জমিতে মরদেহ ফেলে রাখা হয় এবং গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
গোলাপ হোসেন ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে। তিনি জানান, আইনি প্রক্রিয়া চলছে।