রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

খুলনায় সকালে যুবদল নেতা, সন্ধ্যায় মুদিদোকানি গুলিবিদ্ধ: চাঁদাবাজির বিষয় থাকতে পারে বলে পুলিশের ধারণা

নগরের দক্ষিণ টুটপাড়ায় দোকানে বসা অবস্থায় ধনঞ্জয় কুণ্ডু আহত হন; এর আগে তেরখাদায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করেন রামিম বিশ্বাসকে।

খুলনা নগরের দক্ষিণ টুটপাড়া গাছতলা এলাকায় ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডু (৪৫) নামের এক মুদিদোকানিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় নিজের দোকানে বসে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দোকানে বসে থাকা অবস্থায় হঠাৎ চিৎকার করে তিনি জানান, তাঁর তলপেটে গুলি লেগেছে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। গুলির ধরন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁকে হত্যার উদ্দেশ্যে নয়, ভয় দেখানোর জন্য গুলি করা হয়ে থাকতে পারে। ওসি জানান, এলাকায় আকাশ কুণ্ডু ভদ্র মানুষ হিসেবে পরিচিত। ঘটনার পেছনে চাঁদাবাজির বিষয় থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ; বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে শনিবার সকালে খুলনার তেরখাদা উপজেলার পারহাজীগ্রামে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের স্থানীয় নেতা রামিম বিশ্বাস (৩২) আহত হন। তিনি তেরখাদার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ভ্যানে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামিম। বেলা সোয়া ১১টার দিকে সেনেরবাজার–মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তাঁর পিঠে লাগে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।