মালয়েশিয়ায় যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সরকারি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর কার্যক্রমও শুরু করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পাওয়া গেছে। তিনি বলেন, ‘ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে আমরা দ্রুত তাদের বিদেশে পাঠাতে পারব।’
সব প্রক্রিয়া চূড়ান্ত করে ডিসেম্বরের আগে দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় বোয়েসেল। রাশেদুল হকের ভাষ্য, ডিসেম্বরের আগেই কাজ শুরু হোক—এটাই তাঁদের লক্ষ্য; কোনো কারণে একদিন–দুদিন দেরি হলে সেটা ভিন্ন বিষয়। বিনা অভিবাসন ব্যয়ে কর্মী নির্বাচন ও সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।