উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে আগামী শনিবার (২৮ নভেম্বর) ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত এ সম্মিলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ বাস্তবায়নে ‘রোডম্যাপ ২০৩০’ উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এসব তথ্য জানান। তিনি বলেন, অধিভুক্ত কলেজগুলোতে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ। সম্মিলনে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
উপাচার্য জানান, শিক্ষার মানোন্নয়ন, কারিকুলাম সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা নিয়ে সম্মিলনে আলোচনা হবে। এর মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি যোগাযোগ ও সমন্বয়ও বাড়বে বলে তিনি আশা করেন।
কারিকুলাম সংস্কারের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ১৫৯টি বিষয়ের কারিকুলাম সংস্কারের কাজ চলছে। মোট ৪ হাজার ২০০টি কোর্সের মধ্যে ৫৫০টির সংস্কার সম্পন্ন হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আইসিটি এবং দ্বিতীয় বর্ষে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিষয় যুক্ত হয়েছে। অধিভুক্ত কলেজের ১২ হাজার শিক্ষককে আইসিটি প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগের মধ্যে সাড়ে তিন হাজার শিক্ষকের প্রশিক্ষণ শেষ হয়েছে।
আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২৭টি কলেজে ভাষা ক্লাব হয়েছে, চলতি বছরে আরও ১০০টি হবে। ৫০ হাজার নারীকে ফ্রিল্যান্সিং ও আইসিটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বর্তমান প্রশাসনের সময়ে ২২১টি পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয়েছে, যাতে ৬১ লাখ ২৮ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানান উপাচার্য। সেশনজট এক বছর কমানো গেছে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তা শূন্যে নামানোর লক্ষ্য আছে। পরীক্ষার কারণে কলেজের পাঠদান ব্যাহত হওয়া ঠেকাতে প্রথমে ৩০০ এবং পর্যায়ক্রমে ৫০০ উপজেলায় স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণে ১২টি আঞ্চলিক কেন্দ্র চালু হয়েছে, আরও ২০টি চালুর পরিকল্পনা রয়েছে। ১৫০টি দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকও সই হয়েছে।