জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন। শুক্রবার মধ্যরাতের পর, রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন। সফর চলবে ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত।
জামায়াত সূত্রে জানা গেছে, সফরকালে শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মালয়েশিয়াতেও প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতে তিনি যোগ দেবেন।
সফরে তাঁর সঙ্গী হয়েছেন জামায়াতের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ সংগঠনের নেতারা।
আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।