সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুজনের জেল-জরিমানা

রোববার রাতে গোপালনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত তিন ড্রাম জেলি, কস্টিক সোডা ও নকল দুধ জব্দ করে ধ্বংস করেছে।

পাবনার ফরিদপুর উপজেলায় নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুই ভ্যানচালককে এক হাজার টাকা করে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গত রোববার রাত ৯টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন। অভিযানের সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আলহাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে নকল দুধ তৈরির সময় আবুল হোসেন (৩৬) ও ওমর ফারুক (২৫) নামে দুজনকে হাতেনাতে ধরা হয়। সেখান থেকে তিন ড্রাম জেলি, আধা কেজি কস্টিক সোডা ও তিন ড্রাম নকল দুধ জব্দ করে তা ধ্বংস করা হয়। আবুল হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ইউএনও উম্মে ইমামা বানিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় দুজনকে জেল-জরিমানা করা হয়েছে। তিনি বলেন, এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।