ইতামার বেন-গভিরের ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের হুমকি, হামাসের নিন্দা
ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আসন্ন নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রিসভায় জায়গা পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের হুমকি দিয়েছেন।
ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আসন্ন নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রিসভায় জায়গা পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের হুমকি দিয়েছেন। তার এই বক্তব্য ইসরাইলের বন্দিনীতি ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে বেন-গভিরকে কারাগারে বন্দি ফিলিস্তিনি হাসান সালামেহর সঙ্গে কথা বলতে দেখা যায়।
ভিডিওতে বেন-গভির সালামেহকে উদ্দেশ করে বলেন, “আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে চাই।” ভিডিওটি প্রকাশের সঙ্গে দেওয়া বিবৃতিতে বেন-গভির তার অবস্থান আরও স্পষ্ট করেন। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে সালামেহর মতো বন্দিদের ‘মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন’।
শুধু বন্দিদের মৃত্যুদণ্ডের কথাই নয়, একই বিবৃতিতে বেন-গভির গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীতি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন। হাসান সালামেহ ১৯৯৬ সাল থেকে ইসরাইলের কারাগারে বন্দি। ১৯৯০-এর দশকে প্রাণঘাতী কয়েকটি বোমা হামলার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে একাধিক যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বেন-গভিরের এই ভিডিওটির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এটিকে সালামেহর বিরুদ্ধে সরাসরি ‘মৃত্যুর হুমকি’ বলে নিন্দা করেছে।
নির্বাচনের আগে বেন-গভিরের এই বক্তব্য ইসরাইলের বন্দিনীতি এবং গাজা ও পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে, যা আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে।