রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে টাউন হলে ঢুকতে বাধা দেওয়ায় তত্ত্বাবধায়ককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, আহত স্ত্রী; আটক ১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষে শনিবার বিকেলে কুড়িগ্রাম পৌর টাউন হলে মনসুর আলী (৬০) নিহত হয়েছেন।

কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তনে ঢুকতে বাধা দেওয়ায় এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে সেখানকার তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) মোহাম্মদ মনসুর আলী (৬০) নিহত হয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী মল্লিকা বেগম (৫৫) আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন কলেজ মোড় এলাকার পৌর টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে বেলা সাড়ে ৩টার দিকে শাহনেওয়াজ ওরফে সানি (৩২) নামের এক যুবক হলের ভেতরে ঢুকতে চাইলে মনসুর আলী তাঁকে বাধা দেন। এ সময় ক্ষুব্ধ হয়ে ওই যুবক সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে মনসুর আলীর বুকে আঘাত করেন। স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে মল্লিকা বেগমও আহত হন।

স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন। আহত মল্লিকা বেগমকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরে নেওয়াজ বলেন, দুজনকে জরুরি বিভাগে আনা হয়েছিল; তাঁদের একজন পথেই মারা গেছেন, অন্যজন গুরুতর আহত অবস্থায় ভর্তি আছেন।

নিহত মনসুর আলী কুড়িগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছয় আনিপাড়া (বাস টার্মিনাল) এলাকার বাসিন্দা। অভিযুক্ত যুবক একই ওয়ার্ডের সরদারপাড়া এলাকার জুলহাসের ছেলে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মনসুর আলীর বুকে ধারালো কাঁচি দিয়ে আঘাত করা হয়েছিল। পুলিশ কাঁচিটি উদ্ধার করেছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।