খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে গুইমারা থানা পুলিশ। ১০ নভেম্বর মঙ্গলবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে বড়পিলাক গ্রামের মহসিন আলী, ফজলু মিয়া, লাল মিয়া, রমজান আলী, আতিকুল, বাবুল মিজি, খলিল, দ্বীন ইসলাম ও সজীবের নাম জানা গেছে। আরও একজন জালিয়াপাড়া গ্রামের এবং অপরজন অন্য এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দলীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে বড়পিলাক ওয়ার্ড বিএনপির সভাপতি তরব আলী বাদী হয়ে গুইমারা থানায় মামলা করেছেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বলেন, বড়পিলাকে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
অভিযোগের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁরা অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।