কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারের জালে একসঙ্গে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ ধরা পড়েছে। জেলেদের জন্য ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা রেখে বাকি মাছ ১০ লাখ টাকায় বিক্রি করেছেন ট্রলারের মালিক।
গতকাল শনিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের একটি ট্রলারের জালে মাছগুলো ধরা পড়ে। ট্রলারের মালিক শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফিক (৪০) জানান, দুপুরে তিনি মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে স্থানীয় ব্যবসায়ীদের কাছে মাছগুলো বিক্রি করেছেন। কেনার জন্য ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছিল। সন্ধ্যায় মাছগুলো ট্রাকে করে কক্সবাজার শহর, ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়।
শফিকের ভাষ্য অনুযায়ী, জালে ওঠা ৪৬০টি লাল কোরালের ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি। ব্যবসায়ীরা জানান, পর্যটন মৌসুম শুরু হওয়ায় লাল কোরাল ও চাপা সুরমার চাহিদা বেড়েছে। কক্সবাজার শহরের হোটেলগুলো ছাড়াও চট্টগ্রাম ও ঢাকার বাজারে এ মাছের ভালো চাহিদা আছে।
স্থানীয় জেলেরা জানান, লাল কোরাল সাধারণত গভীর সাগরে পাওয়া যায়। শীতকালে এ মাছ ঝাঁক বেঁধে সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল ও পাথুরে এলাকায় বিচরণ করে। সেখানে প্রবাল ও পাথরের কারণে জাল ফেলা কঠিন হওয়ায় জেলেরা অনেক সময় বড়শি দিয়ে বড় আকারের কোরাল শিকার করেন।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, লাল কোরাল ও সুরমা অত্যন্ত সুস্বাদু মাছ। একসময় স্থানীয় হাটবাজারে এসব মাছ প্রচুর পাওয়া গেলেও এখন তুলনামূলক কম দেখা যায়। একটি লাল কোরাল সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত ওজনের হতে পারে।