সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কালিয়াকৈরে অবরোধমুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, শিল্পাঞ্চলে ১৩ প্লাটুন বিজিবি ও ছয় প্লাটুন আনসার

কয়েক দিনের শ্রমিক আন্দোলনের পর সোমবার গাজীপুরের কালিয়াকৈর অংশে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল; নিয়মিত টহল দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর অংশ সোমবার অবরোধমুক্ত ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা গেছে। দুপুর ১টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

স্থানীয় একাধিক সূত্র জানায়, কালিয়াকৈরের শিল্পাঞ্চলে গত কয়েক দিন শ্রমিক আন্দোলন চললেও সোমবার পরিস্থিতি ছিল ভিন্ন। কোথাও আন্দোলন বা অবরোধ ছিল না, যানজটও ছিল না; পুরো এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

গাজীপুরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় বন্ধ কারখানাগুলো খুলে দিতে পারে। কারখানার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর আছেন। শিল্পাঞ্চলে ১৩ প্লাটুন বিজিবি ও ছয় প্লাটুন আনসার মোতায়েন রাখা হয়েছে। তাঁরা কোনাবাড়ী, কাশিমপুর ও চন্দ্রা এলাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে টহল দিচ্ছেন। এ ছাড়া এসআরবি, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও সমন্বয় করে কাজ করছেন।

কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম দাবি করেন, মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।