বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো: বোয়েসেল পেল ১ হাজার ১০৩ জনের চাহিদাপত্র

১০ হাজার কর্মী পাঠানোর সরকারি উদ্যোগের অংশ হিসেবে নতুন করে ৫৩৫ জনের চাহিদাপত্র এসেছে; মাস শেষে কর্মী পাঠানো শুরু হতে পারে।

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে নতুন করে ১ হাজার ১০৩ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এর মধ্যে ৫৩৫ জনের নিয়োগ চাহিদাপত্র নতুন; আগে পাওয়া ৫৬৮ জনের নিয়োগ কার্যক্রম চলছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক তথ্যটি নিশ্চিত করে জানান, প্রথম পর্যায়ের নিয়োগ প্রক্রিয়ায় ইতিমধ্যে ৩০০ জনের স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে এবং ৭০ জনের কলিং ভিসা পাওয়া গেছে। চলতি মাসের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, মোট ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে। এর অংশ হিসেবে দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। ২ নভেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় বোয়েসেল।

নিয়োগে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারিতে প্রাথমিক প্রার্থী বাছাই করা হচ্ছে। পরে সাক্ষাৎকার এবং দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে বলে জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক। বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানও জানান, প্রায় বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।