শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পাঁচ প্রার্থীর তিনজনই জামানত হারালেন, বিজয়ী ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট

প্রাথমিক বেসরকারি ফল বিশ্লেষণে দেখা গেছে, জামানত রক্ষায় অন্তত ৪১ হাজার ৬৬৭ ভোট পেতে হতো; ভোট পড়েছে ৬৪ দশমিক ৮১ শতাংশ।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থীর মধ্যে তিনজনই জামানত হারিয়েছেন। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকার ১৮৫টি কেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

ফল অনুযায়ী আসনটিতে মোট প্রদত্ত ভোট ছিল ৩ লাখ ৩৩ হাজার ৩৩০টি। নির্বাচনী বিধি অনুযায়ী জামানত রক্ষায় একজন প্রার্থীকে অন্তত ৪১ হাজার ৬৬৭টি ভোট পেতে হতো।

জামানত হারানো তিন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) ৪৫০ ভোট।

অন্যদিকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। ঘোষিত তথ্য অনুযায়ী আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫১ জন। বাতিল ভোট বাদ দিলে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৫টি। ভোট পড়ার হার ৬৪ দশমিক ৮১ শতাংশ।