শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সাপাহারে নারী ফুটবল প্রীতি ম্যাচের ভিড়ে আহত প্রতিবন্ধী কিশোরের চিকিৎসায় এগিয়ে এলেন আদিবাসী পরিষদ নেতা

শুক্রবার বিকেলে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকের চাপে কয়েকজন আহত হন; পত্নীতলার রাছেল বাবুর বাড়িতে গিয়ে আজ আর্থিক সহায়তা দেওয়া হয়।

নওগাঁর সাপাহারে নারী ফুটবল প্রীতি ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের উপচে পড়া ভিড়ে আহত এক প্রতিবন্ধী কিশোরের পাশে দাঁড়িয়েছেন জাতীয় আদিবাসী পরিষদের সাপাহার উপজেলা শাখার সভাপতি স্বপন কুজুর। আহত রাছেল বাবুকে নগদ অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার ফোকন্দা গ্রামে রাছেল বাবুর বাড়িতে যান স্বপন কুজুর। সেখানে তিনি কিশোরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে চিকিৎসার জন্য পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় আদিবাসী পরিষদের সাপাহার উপজেলা শাখার উদ্যোগে নারী ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হয়। একপর্যায়ে অতিরিক্ত ভিড় ও দর্শকদের চাপে কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে প্রতিবন্ধী কিশোর রাছেল বাবুও ছিলেন।

স্বপন কুজুর বলেন, খেলা দেখতে আসা দর্শকদের উপচে পড়া ভিড়ে কয়েকজন আহত হওয়ার খবর তাঁরা পেয়েছেন। পর্যায়ক্রমে আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সাধ্যমতো সহযোগিতার চেষ্টা চলছে। আয়োজকদের পক্ষ থেকে আহতদের পাশে থাকার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।