বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

রিয়াদে টাওয়ারে ড্রোন হামলার পর ইয়েমেনের হোদাইদা বন্দরে জোটের হামলা, বেসামরিকদের এলাকা ছাড়ার আহ্বান

সৌদি-নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা হোদাইদা বন্দরের ‘অপারেশনাল সক্ষমতা’ লক্ষ্যবস্তু করেছে; হুথিরা জেদ্দা বন্দরে পাল্টা হামলার হুমকি দিয়েছে বলে খবর এসেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি টাওয়ারে হামলার পর ইয়েমেনের পশ্চিম উপকূলের হোদাইদা বন্দরে হামলা চালিয়েছে সৌদি-নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, বুধবার ভোরে বন্দরটির ‘অপারেশনাল সক্ষমতা’ লক্ষ্যবস্তু করা হয়েছে। সাদা ও আমরান প্রদেশের আরও কয়েকটি লক্ষ্যবস্তুও ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এর আগে বুধবার ভোরেই জোটের যৌথ বাহিনীর কমান্ড বেসামরিক বাসিন্দাদের হোদাইদা বন্দর এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। আল-মালিকি সামাজিক মাধ্যম এক্সে একটি মানচিত্রসহ সতর্কবার্তা দেন, যাতে সরে যাওয়ার এলাকা লাল রঙে চিহ্নিত ছিল। সতর্কবার্তায় নিরাপত্তাজনিত উদ্বেগের কথা বলা হয়।

মঙ্গলবার রিয়াদের কিং আবদুল্লাহ আর্থিক জেলার একটি টাওয়ারে ড্রোন হামলায় ১১ জন আহত হন বলে সৌদি বেসামরিক প্রতিরক্ষা জানিয়েছে। আহতদের মধ্যে দুজন সৌদি, দুজন ভারতীয়, তিনজন নেপালি ও চারজন মিসরীয় নাগরিক। জোটের মুখপাত্র হামলার জন্য ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীকে দায়ী করে বলেন, বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়া হবে। গত বৃহস্পতিবারও একই এলাকার একটি টাওয়ারে হামলা হয়েছিল; সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী তাতে কয়েকটি তলা ও আশপাশের ভবনের ক্ষতি হয়, তবে কেউ আহত হননি।

জোট আরও জানায়, বুধবার তারা সৌদি আরবের পূর্বাঞ্চলের আকাশে ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে। এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বাহরাইন, মিসর ও যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের সঙ্গে আলাদা ফোনালাপ করেছেন; কূটনীতিকেরা সৌদি আরবে বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানান। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হোদাইদায় জোটের হামলা হলে জেদ্দা বন্দরসহ লোহিত সাগর উপকূলের সৌদি সমুদ্রসুবিধায় হামলার হুমকি দিয়েছে হুথিরা।

অন্যদিকে মঙ্গলবার ইয়েমেনের সরকারি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি দাবি করেন, হুথিদের অগ্রযাত্রা এডেনের আগেই থামিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি বাহিনী উত্তর ও পূর্বে অগ্রসর হচ্ছে। তাঁর ভাষ্য, সরকারি বাহিনী আল-জাওফে কৌশলগত উঁচু এলাকা পুনর্দখল করে সানা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থান নিয়েছে। গত কয়েক ঘণ্টায় ৬৯৭টি অভিযানে ৯৭ হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এসব সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আল-নুজাইলি স্বীকার করেন, সার্বিক চিত্র মিশ্র; ‘আমরা যেখানে থাকতে চাই, সেখানে নেই, তবে পরিস্থিতি যতটা ভয়াবহ বলে খবর হচ্ছে, ততটা নয়’।

এদিকে সৌদি আরবের সঙ্গে আকাশপথে যোগাযোগেও এর প্রভাব পড়েছে। ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বলে আগেই জানানো হয়েছে; জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট চালু রয়েছে।