বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার বারহাট্টায় কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়ার ভিডিও ছড়িয়েছে, ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি

বারহাট্টা ও ঠাকুরাকোনা স্টেশনের মাঝে মঙ্গলবার বিকেলের ঘটনায় কাঠের স্লিপার কিছুটা পুড়েছে বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্যান্ট পরিহিত এক যুবক রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গ্রাম পুলিশের এক সদস্য তা নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেছে। ওসি জানান, আগুনে রেললাইনের কাঠের স্লিপার কিছুটা কালো হওয়া ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঠাকুরাকোনা রেলস্টেশনের ম্যানেজার আতাউর রহমান রেলওয়ে প্রকৌশল বিভাগের তথ্যের বরাত দিয়ে বলেন, দুর্বৃত্তরাই এ ঘটনা ঘটিয়েছে। এতে রেলের সামান্য ক্ষতি হলেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

এর আগে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছিল বলে জানা গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছানোর পর যাত্রীরা নেমে গেলে ফাঁকা বগিতে ওই ঘটনা ঘটে। দফায় দফায় এ ধরনের ঘটনায় রেললাইনসংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

পুলিশ ভিডিওতে দেখা যুবককে শনাক্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে।