রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সিলেটের বিছনাকান্দি সীমান্তে পাথর সংগ্রহে গিয়ে ভারতে ঢুকে পড়া যুবককে আটক করেছে বিএসএফ

বিজিবি বলছে, অবৈধভাবে পাথর তোলার জন্য ভারতের অভ্যন্তরে ঢোকায় ২২ বছরের শাহরিয়ারকে আটক করা হয়েছে; পরিবারের দাবি, তিনি কানে কম শোনেন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পাথর সংগ্রহ করতে গিয়ে ভারতের ভেতরে ঢুকে পড়ার অভিযোগে শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন স্থান থেকে তাঁকে আটক করা হয়।

শাহরিয়ার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিনি অন্য শ্রমিকদের সঙ্গে সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি পাথর সংগ্রহ করতে যান। একপর্যায়ে তিনি ও তাঁর সহযোগীরা সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। বিএসএফ সদস্যরা ধাওয়া করলে অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন, কিন্তু শাহরিয়ারকে আটক করা হয়।

শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তাঁর ছেলে কানে কম শোনেন। সকালে তাঁকে হাদারপার বাজারের একটি দোকানে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি পাথর সংগ্রহ করতে মরকিটিলা এলাকায় চলে যান এবং অসাবধানতাবশত ভারতের ভেতরে ঢুকে পড়েন। ঘটনার পর তিনি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে কথা বলেছেন।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে ওই যুবক ভারতের ভেতরে প্রবেশ করেছিলেন, তাই বিএসএফ তাঁকে আটক করেছে। বিষয়টি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিছনাকান্দি সীমান্তের পর্যটন এলাকায় বিএসএফ সদস্যরা প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে ঢুকে এক পর্যটককে গালিগালাজ করেছেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিজিবি সদস্যরা এক বিএসএফ সদস্যকে দুটি অস্ত্রসহ আটক করে হেফাজতে নেন।