রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ ৪ নভেম্বর পর্যন্ত বাড়াল বিমান; জেদ্দা-মদিনা দিয়ে যাতায়াতের সুযোগ

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান; ১৪৪টি ফ্লাইট ব্যাহত হয়েছে বলে জানিয়েছে বেবিচক।

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থা।

আগে দাম্মাম রুটে ২৬ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন; ওই দুই বিমানবন্দর দিয়ে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফেরা যাবে। যাত্রীদের চাহিদা বিবেচনায় ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট চলছে এবং এ ব্যবস্থা ৪ নভেম্বর পর্যন্ত থাকবে। ঢাকা–মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বিমান জানায়, ১০ অক্টোবর রাতে হুতিদের হামলার জেরে ১১ অক্টোবর থেকে ঢাকা থেকে ফ্লাইট বাতিল বা স্থগিত হতে শুরু করে। এ নিয়ে এ পর্যন্ত তিন দফায় ঢাকা–রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত করা হলো। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচি যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

শনিবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৪৪টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ২২ হাজার ২১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ব্যাহত ফ্লাইটের মধ্যে ৬৭টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট।