গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে একসঙ্গে প্রায় ১৫টি গাড়ির সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রাইভেটকার ও তাঁর গাড়িবহরের কয়েকটি গাড়ি রয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুকসুদপুরে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সংসদ সদস্যের। স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে শোডাউন করে নিয়ে আসার জন্য যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির পেছনে ডলফিন পরিবহনের একটি বাস ধানভর্তি একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে সামনে দাঁড়ানো পরপর ১৫টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে সংসদ সদস্যকে বহনকারী গাড়িসহ বহরের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন জানান, একটি পরিবহন ধানবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে সামনে থাকা গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রাইভেটকারটির পেছনের দিক দুমড়ে-মুচড়ে যায়। তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।